বিজ্ঞান ও প্রযুক্তি



দেশদর্পণ ডেস্ক

জুন / ২৩ / ২০২৬


হোয়াটসঅ্যাপের নতুন প্রধানের দায়িত্বে ভারতের কুনাল শাহ


14

Shares


দীর্ঘদিনের প্রধান উইল ক্যাথকার্টের বিদায়ের পর হোয়াটসঅ্যাপের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে মেটা। ক্যাথকার্টের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় ফিনটেক স্টার্টআপ ‘ক্রেড’-এর প্রতিষ্ঠাতা কুনাল শাহ। সোমবার কোম্পানিটির পক্ষ থেকে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

সাত বছরেরও বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপ মেসেজিং সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্যাথকার্ট। এখন তিনি মেটা’র অন্য পদে স্থানান্তরিত হচ্ছেন বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমধ্যম সিএনবিসি।

এক ফেইসবুক পোস্টে মেটা’র প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ লিখেছেন, মেটার অন্য পদে ‘একদম শুরু থেকে নতুন পণ্য তৈরির কাজ করবেন’ ক্যাথকার্ট।

জাকারবার্গ বলেছেন, “আমাদের এই নিবিড়ভাবে একসঙ্গে কাজ করার ধারা অব্যাহত রাখার বিষয়ে আমি বেশ উচ্ছ্বসিত।”

তবে ক্যাথকার্টের নতুন পদের সুনির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে সিএনবিসির মন্তব্যের অনুরাধে সাড়া দেননি মেটার একজন মুখপাত্র।

এক এক্স পোস্টে ক্যাথকার্ট লিখেছেন, হোয়াটসঅ্যাপ ‘এখন পর্যন্ত তার সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে, আর এটাই আমার সরে দাঁড়ানোর জন্য সঠিক মুহূর্ত বলে মনে হয়েছে’।

২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করেছিল মেটা, যা বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় মেসেজিং সার্ভিস হিসেবে গড়ে উঠেছে। হোয়াটসঅ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটিরও বেশি।

গেল মাসে মেটা তাদের হোয়াটসঅ্যাপ, ফেইসবুক ও ইনস্টাগ্রামের জন্য সাবস্ক্রিপশন প্ল্যান চালু শুরু করেছে এবং বলেছে, তারা নিজেদের বিভিন্ন এআই সেবার জন্যও নতুন সাবস্ক্রিপশন প্ল্যান পরীক্ষা করে দেখবে।

এসব পদক্ষেপ মেটাকে কেবল বিজ্ঞাপন বিক্রির ওপর নির্ভরশীল না থেকে তাদের ব্যবসাকে বহুমুখী করতে ও এআই খাতে করা মোটা অংকের বিনিয়োগের খরচের একটি অংশ তুলে আনতে সাহায্য করতে পারে।

ক্যাথকার্টের স্থলাভিষিক্ত হওয়া কুনাল শাহ ২০১৮ সালে ‘ক্রেড’ প্রতিষ্ঠা করেছেন। ক্রেড হচ্ছে ক্রেডিট কার্ড বিল পরিশোধের একটি প্ল্যাটফর্ম, যা ব্যবহারকারীদের সময়মতো বিল দেওয়ার জন্য বিভিন্ন পুরস্কার দিয়ে থাকে।

জাকারবার্গ বলেছেন, শাহের ‘নতুন কিছু তৈরির মানসিকতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি’ তাকে হোয়াটসঅ্যাপের নেতৃত্ব দেওয়ার জন্য একদম যোগ্য করে তুলেছে।

শাহের এ নিয়োগের অংশ হিসেবে মেটা ক্রেড-এ ৯০ কোটি ডলার বিনিয়োগ করছে বলে স্টার্টআপটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্টার্টআপটির তথ্য অনুসারে, এ বিনিয়োগের পর বর্তমানে ক্রেড-এর বাজার মূল্য দাঁড়িয়েছে ৪৫০ কোটি ডলারে।



ওয়াইএফ/০২

বিজ্ঞান ও প্রযুক্তি