14
Sharesসিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসি হাওরে তিন ব্যক্তি নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে ২ জন নিহত হন এবং তাদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি বজ্রপাতে আহত হয়ে পানিতে পড়ে যান। তিনি এখনও নিখোঁজ রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ গয়াসি হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কালারবাজার এলাকার কামালপুর গ্রামের সাবির আলী (৪০), একই গ্রামে হামিদ মিয়া (৪৫) ও কাবিন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার রাজনগর থেকে তারা ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসি হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে আসেন। বৃষ্টি চলমান অবস্থায় তারা নৌকায় বসে হাওরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে সাবির আলী ও হামিদ মিয়া মারা যান এবং বজ্রপাতের আঘাতে পানিতে পড়ে নিখোঁজ হন কাবিন মিয়া। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির খোঁজ করছে। সাবির আলী ও হামিদ মিয়ার মরদেহ ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ‘মৌলভীবাজার থেকে ৩ জন ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসি হাওরে মাছ ধরতে আসেন। এ সময় বজ্রপাতে সাবির আলী ও হামিদ মিয়া নামে দুইজন নিহত হন ও কাবিন মিয়া নামে একজন পানিতে পড়ে নিখোঁজ হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ ব্যক্তির উদ্ধার কার্যক্রম এখনো চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল গয়াসি হাওরে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।’
ওয়াইএফ/০৫