সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

জুন / ১৭ / ২০২৬


সিলেটে হামের উপসর্গে এক দিনে ৩ শিশুর মৃত্যু


15

Shares


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এবার এক দিনে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭২ জনে।

যাদের মধ্যে ৭১ জনই শিশু। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৬ জন রোগী। ফলে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ২৮৪ জন।

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুরা হচ্ছে—সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মুরাদপুর গ্রামের মো. রুমেন মিয়ার ছেলে রাইয়ান (৬ মাস), একই জেলার ছাতক উপজেলার আঙুর মিয়ার ছেলে তাউসিফ ইসলাম (৫ মাস) এবং সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া গ্রামের মিনহাজ মিয়ার মেয়ে আমায়রা জান্নাত।

তাদের মধ্যে রাইয়ান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং বাকিরা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

বুধবার (১৭ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে। তাদের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ‘বুধবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭২ জনে। তাদের মধ্যে ৪ জনের হাম রোগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৫৬ জনের মধ্যে ৩৩ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১২ জন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, ৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে, ২ জন করে নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং ১ জন রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।


ওয়াইএফ/০৩

সিলেট প্রতিক্ষণ