14
Sharesবিশ্বকাপের ‘জি’ গ্রুপে ইরান ও নিউজিল্যান্ডের ম্যাচটি শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ ছিল না; এর পটভূমিতে ছিল ইরানের সরকারবিরোধী বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান ঘটাতে স্বাক্ষরিত শান্তিচুক্তি। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলের ড্র করেছে ইরান।
মঙ্গলবার (১৬ জুন) ভোরে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে দুটি গোলই করেন এলিজাহ জাস্ট। অন্যদিকে ইরানের হয়ে গোল করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেব্বি।
ম্যাচকে ঘিরে স্টেডিয়ামের বাইরে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। একই সঙ্গে ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভও হয়। কিক-অফের আগে কয়েক শ বিক্ষোভকারী সরকারবিরোধী স্লোগান ও ব্যানার নিয়ে স্টেডিয়ামের বাইরে অবস্থান নেন।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। ক্রিস উডের পাস থেকে বক্সের ভেতরে ভলি শটে গোল করেন এলিজাহ জাস্ট। গোলের পর ইরান সরকারের সমালোচক কিছু দর্শক নিউজিল্যান্ড সমর্থকদের সঙ্গে উল্লাস করেন। তাঁদের অনেকের হাতে ছিল ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের ‘লায়ন অ্যান্ড সান’ পতাকা, যা ফিফার নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জাতীয় সংগীত বাজানোর সময়ও কিছু দর্শককে দুয়োধ্বনি দিতে দেখা যায়।
তবে ৭০ হাজারের বেশি দর্শকের বড় অংশই ইরানের সমর্থনে ছিল। ‘ইরান, ইরান’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্টেডিয়াম। ম্যাচের ৩০ মিনিটের কিছু পর রামিন রেজাইয়ান গোল করে সমতা ফেরালে গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
দেশীয় লিগ স্থগিত থাকায় ফেব্রুয়ারির পর থেকে ক্লাব ফুটবলে না খেলা রেজাইয়ান প্রতিপক্ষের রক্ষণের বাধা পেরিয়ে ফিরতি বলে গোল করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। ক্রিস উডের নিখুঁত পাস থেকে এলিজাহ জাস্ট নিজের দ্বিতীয় গোলটি করেন। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ‘অল হোয়াইটস’।
তবে ১০ মিনিট পরই জবাব দেয় ইরান। রেজাইয়ানের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন মোহাম্মদ মোহেব্বি। বল পোস্টে লেগে জালে জড়ালে স্কোরলাইন দাঁড়ায় ২-২।
এই ড্রয়ের ফলে ‘জি’ গ্রুপের চারটি দলই এখন এক পয়েন্ট করে অর্জন করেছে। এর আগে দিনের অন্য ম্যাচে বেলজিয়াম ও মিসর ১-১ গোলে ড্র করে।
বিশ্বকাপে তৃতীয়বার অংশ নেওয়া নিউজিল্যান্ড এখনো টুর্নামেন্টে জয়ের দেখা পায়নি। সাত ম্যাচ খেলেও তাদের জয়শূন্য থাকার রেকর্ড অক্ষুণ্ন রয়েছে। অন্যদিকে ইরান প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার লক্ষ্য নিয়ে খেলছে।
ম্যাচটি যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিদের মধ্যকার মতভেদের বিষয়টিও সামনে নিয়ে আসে। অনেকেই বিশ্বমঞ্চে ইরানকে দেখে গর্বিত হলেও তেহরানের দমননীতি ও ওয়াশিংটনের সামরিক অভিযানের কারণে নিজেদের দ্বিধাগ্রস্ত বলে জানান।
গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী রবিবার আবারো লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। একই দিনে ভ্যাঙ্কুভারে মিসরের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।
ওয়াইএফ/০৫