21
Sharesমরিশাসে বন্ধ থাকা শ্রমের বাজার বাংলাদেশের জন্য ফের খুলতে যাচ্ছে। মরিশাসের শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের টেক্সটাইল খাতে দেশটি বিনিয়োগে আগ্রহী বলেও মরিশোসের পক্ষ থেকে জানানো হয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬ এ যোগ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। পুর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় মরিশাসের শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
বৈঠকে মরিশাসে বন্ধ থাকা শ্রম বাজার চালু, বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়। আলেচনা শেষে এ বিষয়ে দুই দেশের মধ্যে শিগগির স্বারক স্বাক্ষরের বিষয়ে আশাবাদের কথা দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছে।
বৈঠকে মরিশাসে শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, ‘বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে মরিশাস আগ্রহ রয়েছে। বিশেষ করে টেক্সটাইল শিল্পের জন্য দক্ষ কর্মী প্রয়োজন ‘ পুনরায় শ্রম বাজার চালুর বিষয়ে সমঝোতা স্মারকের খসড়া বাংলাদেশে শিগগির পাঠানোর আশ্বাস দেন দেশটির মন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগ করার বিষয়ে মরিশাস সরকার আগ্রহের কথা জানান।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ থেকে মরিশাসে জনশক্তি প্রেরণ এর বিষয়ে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষর করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য মরিশাস সরকারকে অনুরোধ জানান। তিনি আরো বলেন, টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য পেশা যেমন- ডাক্তার, প্রকৌশলী, নার্স, একাউন্টেন্ট ইত্যাদি দক্ষ জনশক্তি প্রেরণে বাংলাদেশ সরকার আগ্রহী। এসময় তিনি মরিশাসের শ্রম মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম, বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
ওয়াইএফ/০৩