সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

জুন / ০৩ / ২০২৬


চীনের অর্থায়নে সিলেট হবে সহস্র শয্যার হাসপাতাল


17

Shares


সিলেটে একটি আধুনিক এক হাসপাতাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন চীনের বিনিয়োগকারীরা। সেজন্য সিলেটে এসে উপযুক্ত স্থান নির্ধারণে সম্ভাব্য স্থানও পরিদর্শন করেছে দেশটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাদের সিলেটের হাইটেক পার্কসহ কয়েকটি সম্ভাব্য স্থান ঘুরিয়ে দেখান। এসময় তাদের তিনি ডাব দিয়ে আপ্যায়নও করেন।

বুধবার (৩ মে) দুপুরে নিজের নির্বাচনী এলাকা সিলেট-৪ এর অন্তর্গত সাদাপাথর ও হাইটেক পার্কসহ কয়েকটি সম্ভাব্য স্থান প্রতিনিধি দলকে ঘুরিয়ে দেখান প্রবাসীকল্যাণ মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী।

এসময় তার সঙ্গে ছিলেন চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেডের’ চেয়ারম্যান ও প্রতিনিধি দলের প্রধান স্টোয়ার্ড চিয়ং, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের উধ্বতন কর্মকর্তারা।

তীব্র গরমের মধ্যে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে একপাশে সামিয়ানা টানিয়ে বিশ্রাম নেন তারা। সেসময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাদের ডাব দিয়ে আপ্যায়ন করেন। ডাব হাতে নিয়ে প্রতিনিধি দলের প্রধান স্টোয়ার্ড চিয়ং বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে ‘রাইট’ ইমোজি দেখান। পরে মন্ত্রী আরিফুল হককে উদ্দেশ্য করে বলেন, ‘ইওর মিনিস্টার ইজ রিমার্কাবলি ইউথফুল অ্যান্ড এনার্জেটিক।’ নিজের সঙ্গে মন্ত্রীর তুলনা করতে গিয়ে বলেন, ‘... আই এম ফিফটি ফোর ইয়ার্স ওল্ড, অ্যান্ড অলদো হি ইজ ওল্ডার দ্যান মি, হি অ্যাপিয়ার্স মাচ ইয়াংগার...।’

সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। প্রকল্পটিতে সম্পূর্ণ অর্থায়ন করবে চীন। স্থান নির্ধারণ ও প্রাথমিক পরিকল্পনা নিয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।’ তিনি বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে। সিলেটের মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর ঢাকামুখী হতে হবে না।’

চীনের প্রতিনিধি দলের প্রধান স্টোয়ার্ড চিয়ং বলেন, ‘স্থান পরিদর্শন ও সম্ভাব্যতা মূল্যায়নের প্রাথমিক পর্যায়ে আমরা বেশ আশাবাদী। সিলেটের ভৌগোলিক অবস্থান এবং স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় প্রকল্পটি সম্ভাবনাময় বলে মনে হচ্ছে। ’ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলেও তিনি জানান। 

হাসপাতাল নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা করতে এর আগে মঙ্গলবার রাতে সিলেট আসেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওইদিন রাত ৯টায় সিলেট সার্কিট হাউসে তিনি চীনা বিনিয়োগকারীদের সঙ্গে হাসপাতাল নির্মাণের সম্ভাবনা, বিনিয়োগ পরিকল্পনা ও স্থান নির্বাচন বিষয়ে প্রাথমিক বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষ প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হন বলে জানা গেছে।


ওয়াইএফ/০৩

সিলেট প্রতিক্ষণ