আন্তর্জাতিক



দেশদর্পণ ডেস্ক

মে / ২৬ / ২০২৬


ইরানের দক্ষিণে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের


13

Shares


ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালানোর খবর জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন বসানোর কাজে নিয়োজিত নৌযানগুলোকে এই হামলায় লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেছে তারা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপটি ছিল 'আত্মরক্ষামূলক' এবং এর উদ্দেশ্য ছিল ‘ইরানি বাহিনীর পক্ষ থেকে আসা হুমকি থেকে আমাদের সেনাদের রক্ষা করা ‘

সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, মার্কিন সামরিক বাহিনী ‘চলমান যুদ্ধবিরতির মধ্যে সংযম বজায় রেখে আমাদের বাহিনীকে রক্ষা করার কাজ চালিয়ে যাচ্ছে।’

এমন এক সময়ে এই হামলা চালানোর কথা বলা হলো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে সংঘাত অবসানের কোনো চুক্তি "শিগগিরই হওয়ার সম্ভাবনা নেই"।

নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ক্যাপ্টেন হকিন্স জানিয়েছেন যে এই হামলাগুলো বন্দর আব্বাসের কাছাকাছি এলাকায় চালানো হয়েছে। বন্দর আব্বাস ইরানের একটি গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় শহর, যেখানে হরমুজ প্রণালির পাশে দেশটির একটি নৌঘাঁটি রয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল যে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনার পর স্থানীয় কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন।

সর্বশেষ এই মার্কিন হামলার বিষয়ে ইরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তির ওপর এই হামলার প্রভাব কী হবে সেটিও এখনো অস্পষ্ট।

গেল সপ্তাহের শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে পরবর্তীতে এই আলোচনার সঙ্গে জড়িতদের ‘তাড়াহুড়ো না করার’ নির্দেশ দিয়েছেন তিনি।


ওয়াইএফ/০২

আন্তর্জাতিক