16
Sharesসিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু এটিই প্রথম। এর আগে এক দিনে সর্বোচ্চ তিনজন পর্যন্ত শিশুর মৃত্যৃ হয়েছিল।
এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে চারজন এবং উপসর্গ নিয়ে আরো ৪৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৭৪ জন রোগী। ফলে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ২৮৩ জনে।
শুক্রবার (২২ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজনের বাড়ি সুনামগঞ্জ এবং একজনের সিলেট ও হবিগঞ্জে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তাদের বাড়ি সুনামগঞ্জ ও হবিগঞ্জে। একই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই শিশুর মৃত্যু হয়। তাদের বাড়ি সুনামগঞ্জ ও সিলেটে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলা হাসপাতালে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।তার বাড়ি সুনাগঞ্জে।
মারা যাওয়া শিশুরা হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল মালিকের ৫ মাস বয়সী মেয়ে রাইসা, সুনামগঞ্জ জেলর ছাতক উপজেলার ইশাক আলীর ৬ বছর ২৭ দিন বয়সী ছেলে আলী আফসান, একই জেলার দিরাই উপজেলার জগদল গ্রামের মুসাদ্দিক মিয়ার ১০ মাস বয়সী মেয়ে মুনলিমা, সিলেট সড়র উপজেলার শিববাড়ির বাহরাম আহমেদের ১ বছর ২ মাস বয়সী ছেলে মো. রাশেদ আহমেদ এবং সুনামগঞ্জ জেলার ৪ বছর ২ মাস বয়সী শামিমা।
ওয়াইএফ/০২