খেলাধুলা



খেলা ডেস্ক

জুন / ১৬ / ২০২৬


শেষ মুহূর্তে হার এড়ালো উরুগুয়ে, সৌদি আরবের সঙ্গে ১-১ গোলের ড্র


13

Shares


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি সৌদি আরব। ম্যাচের ৮০তম মিনিটে ম্যাক্সি আরাউহোর গোলে সমতায় ফিরে উরুগুয়ে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে।

সোমবার (১৫ জুন) মিয়ামিতে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচে সৌদি আরব এগিয়ে ছিল আবদুলইলাহ আল-আমরির প্রথমার্ধের গোলে। তবে শেষ দিকে গোল করে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান উরুগুয়ের উইঙ্গার আরাউহো। এর ফলে দিনের শুরুতে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের গোলশূন্য ড্রয়ের পর গ্রুপে আরেকটি অঘটন এড়ানো সম্ভব হয়।

২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে আলোড়ন তুলেছিল সৌদি আরব। এবারও তারা বড় চমকের পথে ছিল। ৪১তম মিনিটে আল-আমরির গোলে এগিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় সেই ব্যবধান ধরে রাখে ‘গ্রিন ফ্যালকনস’রা।

ম্যাচ শেষে উরুগুয়ে কোচ মার্সেলো বেলসা হতাশা লুকাননি। দিনের শুরুতে স্পেন পয়েন্ট হারানোয় এই ম্যাচে জয় পাওয়ার সুযোগ ছিল বলে মনে করেন তিনি।

বেলসা বলেন, “এটি এমন একটি প্রতিপক্ষ ছিল, যাদের আমরা হারাতে পারতাম। প্রথমার্ধে আমরা অনেক সময় নষ্ট করেছি এবং নিজেদের খেলাটা খেলতে পারিনি। এই ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল।”

অন্যদিকে সৌদি আরবের কোচ জর্জিওস ডোনিস ড্রয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, “শেষ দিকে খেলোয়াড়রা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তবে এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এক পয়েন্ট পাওয়া ইতিবাচক ফল। আমার খেলোয়াড়দের লড়াইয়ের মানসিকতা ও আবেগ ভালো লেগেছে, যদিও আমরা আরও ভালো খেলতে পারতাম।”

ম্যাচের শুরুতে উরুগুয়েই ছিল বেশি আক্রমণাত্মক। পঞ্চম মিনিটে ম্যাক্সি আরাউহোর শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। এরপর ৩০ মিনিটে ফেদেরিকো ভিনাসের হেডও রুখে দেন তিনি।

সৌদি আরব প্রথম বড় সুযোগ পায় ৩৬তম মিনিটে। কয়েক মিনিট পর আল-আমরির শট উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ঠেকালেও ৪১তম মিনিটে আর রক্ষা করতে পারেননি। কর্নার থেকে মোহাম্মদ কান্নোর হেড প্রতিহত করলেও ফিরতি বলে আল-আমরি জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন।

বিরতির পর উরুগুয়ে দুটি পরিবর্তন আনে এবং তাদের আক্রমণ আরও সংগঠিত হয়ে ওঠে। ৬০তম মিনিটে ম্যানুয়েল উগার্তের শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে আসে।

শেষ পর্যন্ত ৮০তম মিনিটে সমতা ফেরায় উরুগুয়ে। ভিনাসের হেড আবারও ঠেকিয়ে দেন আল-ওয়াইস, তবে ফিরতি বল পেয়ে আরাউহো কাছ থেকে জালে পাঠান।

গোলের পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। ফেদেরিকো ভালভার্দে ও হোসে মারিয়া হিমেনেস একাধিক সুযোগ তৈরি করলেও সৌদি গোলরক্ষক আল-ওয়াইস দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন।

ম্যাচ শেষে উরুগুয়ের ফরোয়ার্ড ফেদেরিকো ভিনাস বলেন, “বিশ্বকাপের প্রথম ম্যাচের চাপ আমাদের ওপর প্রভাব ফেলেছে। দ্বিতীয়ার্ধে আমরা কোচের পরিকল্পনা অনুযায়ী ভালো খেলেছি। ফল নিয়ে হতাশ হলেও সতীর্থদের প্রচেষ্টায় আমি সন্তুষ্ট।”

এই ড্রয়ের ফলে দুই দলই এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল। ‘এইচ’ গ্রুপে নকআউট পর্বে ওঠার লড়াই এখন আরও জমে উঠেছে।


ওয়াইএফ/০৩

খেলাধুলা