15
Shares‘নতুন নাটক, নতুন সময়- মঞ্চে জাগুক মানুষের কথা’-এ স্লোগানে ১২ জুন থেকে শুরু হয়েছে ‘নতুন নাটকের উৎসব-২০২৬’। দেশের বিভিন্ন প্রান্তে ২০২৫ সালে প্রথম মঞ্চায়িত নতুন নাটকগুলো থেকে ৮টি নাটক এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে সিলেটের প্রতিনিধিত্ব করছে সিলেটের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্যায়ন সিলেট। উৎসবে তারা পরিবেশন করবে আলোচিত নাটক ‘মহাকালের অন্তযাত্রা’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ উৎসবের আয়োজন করা হয়েছে।
নাটকটির নির্দেশক মোস্তাক আহমেদ বলেন, ‘নাট্যায়ন সিলেট এর সাধারণ সম্পাদক ও নাট্যকার এখলাছ আহমেদ তন্ময় যখন আমাকে এই নাটকের নির্দেশনার জন্য অনুরোধ জানান, আমি পান্ডুলিপি পড়ে সানন্দে প্রস্তাবটি গ্রহণ করি। কারণ আমার কাছে গল্পটি সমসাময়িক এবং প্রাসঙ্গিক মনে হয়েছে। একটি অদ্ভুত অথচ গভীর তাৎপর্যপূর্ণ জগৎকে কেন্দ্র করে রচিত হয়েছে "মহাকালের অন্তর্যাত্রা"। এ-ই নাটকের চরিত্র গুলো আত্মহত্যার মাধ্যমে জীবনের ইতি টেনেছে। কিন্তু মৃত্যুর পরে ও তারা দাঁড়ায় রহস্যময় এক পরিসরে। যেখানে না আছে শুরু, না আছে শেষ। এটি যেন জীবন মৃত্যুর মধ্যবর্তী অনির্বচনীয় অস্তিত্ব।
নাট্যায়ন সিলেটের পক্ষ থেকে নাটকটির রচয়িতা সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ তন্ময় জানান, দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই নাট্য উৎসবে অংশগ্রহণ আমাদের জন্য তথা সিলেটের নাট্যাঙ্গনের জন্য গর্বের বিষয়। আমাদের এই সুযোগ টি করে দেয়ার জন্য আয়োজকদের এবং নাটকটির নির্দেশক মোস্তাক আহমেদ কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আগামী ১৮ জুন এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকায় অবস্থানরত সকল নাট্যপ্রেমী, সংস্কৃতিকর্মী এবং সর্বস্তরের দর্শকদের নাটকটি উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাই।
ওয়াইএফ/০৬