সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

জুন / ১৯ / ২০২৬


সিলেটে আওয়ামী লীগের মিছিল, ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


21

Shares


সিলেট নগরে মিছিল করায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতাসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০ থেকে ৪৫ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়। 

বৃহস্পতিবার (১৮ জুন) সিলেটের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আহমদ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ সংশোধিত ১৩ (৯)(৩)১০-১১-১২-১৩ ধারায় এ মামলাটি (নং ২৬(০৬)২০২৬) দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির। তিনি এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবেও রয়েছেন বলে জানা গেছে। 

জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট নগরের নবাব রোড এলাকায় পিডিবি কার্যালয়ের সামনে থেকে মদিনা মার্কেটের দিকে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪০/৫০ জন নেতাকর্মী। এই ঘটনায় পর অভিযান দিয়ে তাৎক্ষনিকভাবে ৪ জনকে গ্রেপ্তার ও পরে আরেকজনকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন-ইব্রাহিম মেস্তফা মাহী, সানিয়াত আহমদ, রেদুয়ান আহমদ রাব্বী, আশরাফুল আহমদ শাহী ও সাকির আহমদ।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাইনুল জাকির বলেন, ‘এ মামলায় পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’


ওয়াইএফ/০৪

সিলেট প্রতিক্ষণ