158
Sharesমিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে বারবার সতর্ক করার পরও দেশটি থেকে ছোড়া গুলি বাংলাদেশে পড়ছে। ফের এমনটা হলে বিষয়টি আন্তর্জাতিক ফোরামে জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় ধর্মীয় সংখ্যালঘু নারীদের আর্থ-সামাজিক অবস্থান ও নিরাপত্তা: ভিশন-২০৪১’ শীর্ষক সেমিনার শেষে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা মিয়ানমারকে প্রথমে ডেকে বলেছি।
এরপরে যদি (গুলি) আসে বিষয়টি আন্তর্জাতিক ফোরামে জানানো হবে। গত কয়েকদিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি, মর্টারশেল ছোড়ার ঘটনায় সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মিয়ানমার থেকে ছোড়া গুলি এরই মধ্যে কয়েকবার বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। শনিবার সকালে সীমান্ত এলাকায় ভারী গোলার শব্দ শোনা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্ত অতিক্রম করে দুই-একটি গোলা আমাদের সীমান্তের কাছাকাছি এসে পড়েছে।
আমরা প্রতিবাদ করেছি। আমাদের বিজিবি (সীমান্তরক্ষী বাহিনী) তাদের বিজিপির (সীমান্তরক্ষী বাহিনীর) কাছে প্রতিবাদ জানিয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মেসেজ দেওয়া হয়েছে, সবকিছু বলা হয়েছে।
রাষ্ট্রীয় পর্যায় থেকে সব পর্যায়ে প্রতিবাদ করেছি। আমরা মনে করি শিগগির তারা সংযত হবে। তাদের গোলাগুলি যেন এদিকে না আসে সেদিকে খেয়াল রাখার জন্য আমারা তাদেরকে বলেছি। মিয়ানমার বারবার একইভাবে গোলা ফেলছে।
সেক্ষেত্রে বাংলাদেশে বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলবে কিনা। এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরাতো তাদেরকে (মিয়ানমার) প্রথমে ডেকে বলেছি। এরপর যদি আসে আমরা বিষয়টি জানাব।’