জাতীয়



দেশদর্পণ ডেস্ক

মার্চ / ২৫ / ২০২১


মোদিবিরোধী বিক্ষোভ থেকে ‘শিশুবক্তা’ রফিকুল আটক


173

Shares

রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। এ ঘটনার সময় পুলিশ ঘটনাস্থল থেকে আলোচিত 'শিশুবক্তা' রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে।

ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে শাপলাচত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান রাস্তাটি বন্ধ রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বিকল্প রাস্তা হিসেবে শাপলাচত্বর থেকে ফকিরাপুল হয়ে গাড়ি চলাচল করছে।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা দেয়। সেখান থেকে মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরের দিকে যায়। সেখানে পুলিশের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে।

ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন বলেন, তাদের ১০ থেকে ১৫ জন কর্মী আহত হয়েছেন। পাঁচজন কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেন তিনি।

এই বিষয়ে মতিঝিল জোনের এডিসি বলেন, তারা মিছিল নিয়ে শাপলা চত্বর এলে আমাদের পুলিশ সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের ওপর আক্রমণ শুরু করে। আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

জাতীয়