জাতীয়



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ১৭ / ২০২১


খালেদা জিয়ার ১০৩ ডিগ্রি জ্বর


240

Shares

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে জ্বর বেড়েছে। জ্বরের মাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইট। তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন, অক্সিজেন লাগছে না।


তবে এই মুহূর্তে হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই। শনিবার (১৭ এপ্রিল) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসায় তার সবশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এফ এম সিদ্দিকী। এফ এম সিদ্দিকী বলেন, গত তিনদিন থেকে ম্যাডামের একটু জ্বর আছে।


জ্বরের মাত্রাটা গতকাল (১৬ এপ্রিল) সারাদিন এবং রাত পর্যন্ত ১০৩-এর মতো ছিলো। কিন্তু আজ সারাদিন জ্বর ছিল না। সন্ধ্যা থেকে আবারও জ্বর এসেছে, যেটা ১০৪-এর মতো। নতুন যে এন্টিবায়োটিক ওষুধটি শুরু করেছি, সেটির আজ তৃতীয়দিন। ওষুধের রেসপন্স ভালো বলে মনে হচ্ছে। আমরা তার পালস, ব্লাড পেশার এগুলো চেক করেছি। সবকিছু ভালো আছে। ডা. সিদ্দিকী বলেন, মনে রাখতে হবে যে আজ তার (খালেদা জিয়া) করোনা আক্রান্তের নবম দিন। অর্থাৎ আমরা দ্বিতীয় সপ্তাহের জটিল সময়টি পার করছি। কোনো জটিলতা বা বিপদ সংকেত পেলে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নেব।


কিন্তু এখন পর্যন্ত আলহামদুল্লিলহি সবকিছু ঠিকঠাক। আমরা আগেও বলেছি, এখনও বলছি এই পুরো সপ্তাহ না যাওয়া পর্যন্ত যেকোনো সময় ম্যাডামের জটিলতা দেখা দিতে পারে। সেজন্য তাকে ক্লোজ মনিটর করে যাচ্ছি। তাহলে কি খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার কোনো পরিকল্পনা নেই জানতে চাইলে সিদ্দিকী বলেন, আমরা যদি মনে করি তাকে নেওয়া দরকার, তাহলে খুব দ্রুতই শিফট করতে পারব।


তবে, এখন পর্যন্ত তেমন কোনো অবস্থা দেখা যায়নি। সবকিছুই মিলিয়েই ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল বলা যায়। তিনি আরও বলেন, আপাতত খালেদা জিয়াকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হবে। তবে প্রয়োজন হলে তাকে হাসপাতাল নেয়ার প্রস্তুতি রয়েছে। গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি ছাড়াও তার বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফের করোনা শনাক্ত আক্রান্ত হয়। তাদের চিকিৎসাও গুলশানের বাসভবনে চলছে।

জাতীয়