জাতীয়



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ২৬ / ২০২১


চলমান ‘বিধিনিষেধ’ থাকছে আরও এক সপ্তাহ


290

Shares

করোনাভাইরাসের বিস্তাররোধে বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী ৫ই মে পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। সোমবার (২৬শে এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, 'করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আমাদের এই অবস্থাটা কন্টিনিউ করতে হবে। সরকার সেই পদক্ষেপ নিতে যাচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) সেই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

যে অবস্থাটা আছে সেটাই আরও এক সপ্তাহ অব্যাহত থাকবে।' তিনি আরও বলেন, 'দোকানপাট, শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে মার্কেটটা খোলা রাখতে হচ্ছে, তাদের এখানে বড় ধরনের বিনিয়োগের বিষয় রয়েছে। এখন মার্কেট ৯টা পর্যন্ত খোলা থাকছে, সেটা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা পর্যন্ত হবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও দোকান পরিচালিত হবে।'

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ই এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর বিধিনিষেধে শুরু হয়। চলমান বিধিনিষেধের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। সেই মেয়াদ শেষ হয় গত বুধবার (২১শে এপ্রিল) মধ্যরাতে।

তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিধিনিষেধের মেয়াদ আগামী ২৮শে এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। সেটিই আবার আরও একদফা বাড়ালো সরকার।

জাতীয়