102
Sharesত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা এবং সিলেটের রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ এনেছেন সিলেট-১ আসনে সিপিবির সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।
আনোয়ার হোসেন সুমন বলেন, আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করছি। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা ও সুষ্ঠু পরিবেশ অর্থ্যাৎ লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সিলেটের রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতিত্বমূলক আচরণ করার প্রতিবাদ জানাচ্ছি।
প্রেস ব্রিফিংয়ে তিনি দাবি জানিয়ে বলেন, ‘২৪ ঘন্টার মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে বহু রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র অভিমুখী অভিযাত্রা হুমকির মুখোমুখি হওয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এবং নির্বাচনকে পক্ষপাতদুষ্ট করার প্রতিবাদে আমরণ অনশনে যেতে বাধ্য হব মর্মে ঘোষণা দিয়েছিলাম। কিন্তু সিলেট-১ আসনের রিটার্নিং কর্মকর্তা গত ২৪ ঘন্টায় দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ না করায় কিছুক্ষণ পূর্বে আমি প্রধান নির্বাচন কমিশনার বরাবরে সার্বিক অবস্থা বর্ণনাক্রমে একটি আবেদন করেছি। আশা করছি প্রধান নির্বাচন কমিশনার কতৃক অবিলম্বে যথাযথ উদ্যোগ গ্রহণ ক্রমে সিলেট-১ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।’
যদি অভিযোগের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করবেন বলে তিনি জানান।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিপিবি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ চৌধুরী, সিপিবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাছান, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, সম্পাদক মনিষা ওয়াহিদ, উদীচি সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, রিক্স ভ্যান ইজিবাইক ট্রেড ইউনিয়ন কেন্দ্রে সিলেট জেলা কমিটির সম্পাদক মাশরুখ জলীল, যুব ইউনিয়ন সংগঠক বি এইচ আবীর সহ কর্মীগণ।
ওয়াইএফ/০২