এক্সক্লুসিভ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২২ / ২০২২


dhakacity

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শনে সেনাবাহিনী প্রধান


136

Shares

দক্ষিণ সুদান সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ গত ১৯ ও ২০শে ফেব্রুয়ারি ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান ফোর্স হেডকোয়ার্টার্স্‌ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সকল বাংলাদেশ কন্টিনজেন্ট পরিদর্শন করেন। সেনাপ্রধান বিদেশের মাটিতে দেশের সুনামকে সমুন্নত রাখতে পেশাদারিত্বের সঙ্গে ও নিরলসভাবে কাজ করে যাবার জন্য সকল বাংলাদেশি শান্তিরক্ষীদের নির্দেশনা প্রদান করেন। আইএসপিআর জানিয়েছে, ১৯শে ফেব্রুয়ারি দক্ষিণ সুদানের রাজধানী জুবা’তে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি-২১ এবং বাংলাদেশ রিজিওনাল প্রোটেকশন ফোর্স-৫ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান।

এ সময় মিশন এলাকার সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন বাংলাদেশ কান্ট্রি সিনিয়র এবং কন্টিনজেন্ট কমান্ডাররা। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান সকল পদবির জন্য আয়োজিত দরবারে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি তার দিকনির্দেশনা প্রদান এবং মতবিনিময় করেন। তিনি দক্ষিণ সুদানে শত প্রতিকূলতার মাঝেও সুনামের সঙ্গে কাজ করে যাওয়ায় সকলকে আন্তরিক অভিনন্দন জানান। ইউএনমিস ফোর্স হেডকোয়ার্টার্স্‌ পরিদর্শনকালে সেখানে ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার মেজর জেনারেল মাইন উল্লাহ চৌধুরী এবং বিভিন্ন দেশের মিলিটারি স্টাফ অফিসারদের উপস্থিতিতে ফোর্স চিফ অব স্টাফ এবং চিফ মিলিটারি অবজারভার সেনাবাহিনী প্রধানকে মিশন সম্পর্কে ব্রিফিং প্রদান করেন।

ব্রিফিং শেষে তিনি ফোর্স হেডকোয়ার্টার্স্‌ ঘুরে দেখেন এবং বিভিন্ন দেশের মিলিটারি স্টাফ অফিসারদের সঙ্গে কুশল বিনিময় করেন। শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট ফোর্স মেরিটাইম ইউনিট (ব্যানএফএমইউ)-৭ এ যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। ২০শে ফেব্রুয়ারি সেনাবাহিনী প্রধান ওয়াউ’তে নিয়োজিত বাংলাদেশ পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন উপলক্ষে জাতিসংঘের বিমান যোগে সেখানে গমন করেন। ওয়াউ’তে তিনি কন্টিনজেন্টের সকল পদবির জন্য আয়োজিত দরবার নেন, দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন ও তাদের খোঁজখবর নেন।

পরবর্তীতে সেখানে ব্যানব্যাট-৫ কর্তৃক নির্মিত বাংলাদেশ-সাউথ সুদান ফ্রেন্ডশিপ ইয়ুথ ক্লাব উদ্বোধন করেন তিনি। স্থানীয় যুব সমাজকে নানামুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ যুবশক্তিকে পরিণত করার মহৎ উদ্দেশ্য নিয়ে এই ইয়ুথ ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুদানের কালচার অ্যান্ড ইয়ুথ স্পোর্টস্‌ মন্ত্রী মো. আলী গণি, ক্রীড়া মহাপরিচালক গ্যাব্রিয়েল সুসান এবং ক্লাবের ক্রীড়া পরিচালক রবার্টসহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও ওয়াউ রিজিয়নের হেড অব অফিস স্যাম কুরুটারো মুহুমুরে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে হেড অব অফিস সেখানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টের ভূয়সী প্রশংসা করেন এবং মিশনের বিভিন্ন বিষয় নিয়ে সেনাবাহিনী প্রধানের সঙ্গে আলোচনা করেন।

এক্সক্লুসিভ