এক্সক্লুসিভ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ০৭ / ২০২২


travel

চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি কন্টেইনার যাবে ইতালি


150

Shares

১৯৭৭ সালে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারযোগে সমুদ্রপথে ইউরোপে পণ্য পরিবহন শুরু হয়। তবে এসব পণ্য সরাসরি সেখানে যাওয়ার সুযোগ ছিল না। মালয়েশিয়া, সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার বন্দরে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে এসব কন্টেইনার সেখানে পাঠানো হতো। এতে প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত সময় লেগে যেতো।

তবে এবার চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইউরোপের প্রবেশদ্বার বলে পরিচিত ইতালিতে পণ্যবাহী এইসব কন্টেইনার পৌঁছাবে। পরে সেখান থেকে সড়কপথে এইসব কনটেইনার ইউরোপের অন্যান্য দেশে পাঠানো যাবে। এতে পণ্য পরিবহনে সময় প্রায় এক তৃতীয়াংশ কম লাগবে। আর পরিবহন খরচ নেমে আসবে প্রায় ৪০ শতাংশ। শনিবার দুপুরে প্রথম শিপমেন্টের জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’ খালি কন্টেইনার নিয়ে ভিড়েছে চট্টগ্রাম বন্দরে।

৯৮৩টি কনটেইনার লোডিং শেষে এই জাহাজ আজ ইতালির দিকে রওনা দেবে। জানা যায়, শনিবার ইতালিগামী জাহাজ এমভি সোঙ্গা চিতা চট্টগ্রাম বন্দরে পৌঁছালে জাহাজটিতে বন্দরের এনসিটি ৪ জেটিতে বার্থিং দেয়া হয়। অগ্রাধিকার ভিত্তিতে বার্থিংয়ের পাশাপাশি জাহাজটিতে কন্টেইনার লোডিং-এ যাবতীয় ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্মকর্তারা জানান, ইতালিয়ান শিপিং কোম্পানি ক্যালিপসো কোম্পাজনিয়া ডি নেভিগ্যাজোনে এসপি তাদের মালিকানাধীন দুটি কন্টেইনার জাহাজ- সোঙ্গা চিতা ও কেপ ফ্লোরেসের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পণ্য পরিবহন করবে। এর মধ্যে সোঙ্গা চিতা

২০ ফুট দৈর্ঘ্যের ৯৮৩টি কনটেইনার নিয়ে আজ ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। ১৫-১৬ দিনের মধ্যে ইতালি বন্দরে পৌঁছে এইসব কন্টেইনার থেকে বেশকিছু কন্টেইনার সড়কপথে জার্মানি যাবে। জানা যায়, নতুন এই রুটটি দেশের তৈরি পোশাক খাতের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। কারণ এ খাতের ৬০ শতাংশ বাজার ইউরোপ এবং আমেরিকায়

। অল্প সময়ে এবং কম খরচে পণ্য পৌঁছানো গেলে এই খাত প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক মানবজমিনকে বলেন, ‘চট্টগ্রাম থেকে সরাসরি ইতালিতে পণ্য যাওয়াকে বৈদেশিক বাণিজ্যে নতুন একটি অধ্যায় বলা যায়। আগে যেখানে ইতালিতে পণ্য পৌঁছাতে প্রায় ৪০ দিন সময় লাগতো, এখন সেখানে ১৫-১৬ দিন লাগবে। আর পরিবহন বাবদ খরচও ৪০ শতাংশে নেমে আসবে।’

এদিকে গতকাল সকালে চট্টগ্রাম-ইতালি সরাসরি পণ্য পরিবহনকারী জাহাজ ‘সোঙ্গা চিতা’ পরিদর্শনকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘চট্টগ্রাম বন্দর এখন বেশ গতিশীল হয়েছে। সরাসরি ইতালিতে কনটেইনার বাহী জাহাজের এই যাত্রার মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরো কয়েক কদম এগিয়ে গেলো। তিনি বলেন, পণ্য পাঠাতে বন্দর নিয়ে আমাদের কোন সমস্যা হচ্ছে না। আর পতেঙ্গা ও বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন হলে বন্দর আরো গতিশীল হবে।

কিন্তু বর্তমানে কাস্টমস ও বন্ডের কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এর কারণে আমাদেরকে পণ্য পাঠাতে গিয়ে নানামুখী সমস্যা পোহাতে হচ্ছে।

এক্সক্লুসিভ